যে বর্ষা মেঘের সর্বস্ব

ইরাজ আহমেদ

সাহিত্য সম্পাদক, ঢাকা থেকে

প্রকাশ: 7 Jul 2022

7175 বার পড়া হয়েছে

Shoes

বৃষ্টি নেই। বাড়ির কার্নিশে জমে নেই, বারান্দায় জল নিকাশের জন্য নিদিষ্ট ঝাঁঝরিটার মুখে, চায়ের দোকানের টিনের চালে অথবা যে লোকটা প্রতিদিন ভোরবেলা দোকান খোলে, বেঞ্চির ওপরে রাখা তার ঘুমানোর গুটানো বিছানা বৃষ্টিতে ভিজে যাচ্ছে না।বর্ষাকালের আকাশে হঠাৎ হঠাৎ মেঘ জমা হয়। কেউ কেউ অফিসে বের হওয়ার আগে ভাবে-ছাতাটা বের করবো? কিন্তু শেষে আর বৃষ্টি আসে না। এবার বর্ষাকাল এরকমই যাচ্ছে। বৃষ্টির বদলে গরমে ভর্তি শহরে দমবন্ধ হয়ে আছে চারপাশ।

এবার বর্ষা এমন মুখ ফিরিয়ে নেয়ার কারণ কী?

অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এবার বর্ষার মেঘে মেঘেই দিন পার করার বিষয়টা উপস্থাপন করা যেতে পারে হয়তো। কেউ বলতে পারেন, বিশ্ব উষ্ণায়ন এর জন্য দায়ী। আবার পত্রিকা ঘেটে খবর পাওয়া যেতে পারে এ বছর প্লুটো গ্রহে আগ্নেগিরির বিষ্ফোরণের কারণে এরকমটা ঘটছে। কিন্তু এই বঙ্গদেশে বর্ষাকালে বৃষ্টি না-হলে ইলিশ মাছেদের কি মন খারাপ হবে? খিচুড়ি আর বেগুন ভাজার সুঘ্রাণে ভরে উঠবে না আমাদের রান্নাঘরগুলো?

ভোরবেলা ঘুম ভেঙে উঠে যদি দেখি আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে? অফিস যাবার আজ আর প্রয়োজন নেই তাহলে কি কেউ ছাদে উঠে গিয়ে বৃষ্টি দেখবে? আমাদের প্রতিদিন তো প্রয়োজন আর চাহিদায় ছাপানো। সঙ্গে কোভিডের দায় তো চলছেই।সেখানে বর্ষাকালে বৃষ্টি ভালো ভাবে না নামলে, আকাশে মেঘের গম্ভীর মুখ না-দেখতে পেলে কী আর এমন ক্ষতি?আমাদের জীবনে এখন বর্ষাও যা ভাদ্রও তাই। তবুও বাঙালি বলে কথা। ক্যালেন্ডারে চোখ যাবেই। বর্ষাকালে বাঙালির মন আকাশে তাকাবেই। খুঁজবে বৃষ্টির ছিটেফোঁটা। বর্ষার বৃষ্টি ছাড়া আমাদের মনের খরা যে কাটতে চায় না।কালিদাসের মেঘদূতেরা এখন এই শহরে ডলার বাজারের ওঠানামার খবর পকেটে করে নিয়ে ঘুরে বেড়ায়।বিরহী আত্মার চিঠি তাদের পড়ার সময় কোথায়! বড় বড় কাঠামো আর উঁচু উঁচু ভবনের ছাদগুলো হঠাৎ কখনও বৃষ্টি এলে তাদের নির্জনতাকেই ভাগ করে নেয়।

বৃষ্টি নেই। বর্ষাকাল উষ্ণতার পারদ বাড়িয়ে ক্যালেন্ডারের পাতা উল্টে চলে যাচ্ছে। পলাতক এই দিনগুলির শেষে সত্যিই কি এবার অনাবৃষ্টি লেখা থাকবে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে লেখা হবে-এবার বিলম্বিত বর্ষা মেঘের সর্বস্ব হয়েই থাকবে?

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199