জলের উজ্জ্বল শস্য ইলিশ

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 23 Aug 2023

7430 বার পড়া হয়েছে

Shoes

ইলিশ মাছের চোখ স্থির। মৃত্যুর পরেও একইরকম হয়ে থাকে।বাঙালির জীবনে ইলিশ মাছের জন্য ভালোবাসাও স্থির। বৃষ্টি নোমলেই মনে পড়ে বাজারে ইলিশের ঝকঝকে স্তুপের কথা। যেন বরফের গায়ে রোদ ঝলকাচ্ছে। কিন্তু ইলিশের দাম শুনলেই সব ঝকঝকে ইলশে-রোদ মুহূর্তেই উবে যায়। রসিক ক্রেতা মন্তব্য ছুঁড়ে দেন, ‘ইলিশের এত দামও কি ইউক্রেন যুদ্ধের জন্য?’ কিন্তু তবুও দামের দূর্গ ভেদ করে ইলিশ তো খেতেই হবে!

একদা বাজারে ইলিশ কেটে বিক্রি হতো। মাথা আলাদা, লেজ, গাদা অথবা পেটিও আলাদা আলাদা করে সাজিয়ে রাখা হতো মাছের দোকানীর সামনে রাখা কলাপাতায়। পাশেই আলাদা পাত্রে রাখা ডিম। বর্ষা ফুরিয়ে গিয়ে ভাদ্র এখন। কিন্তু বাজারে ইলিশের কমতি নেই। দামের ব্যারোমিটারও তরতরিয়ে বেড়েছে। কিন্তু কোনো ছুটির দিনের দুপুরে গরম গরম ভাজা ইলিশ আর খিচুড়ি আমাদের রাজকীয় খাদ্য তালিকার শীর্ষে এখনও।

বুদ্ধদেব বসু কবিতা ইলিশ মাছ নিয়ে লিখেছেন, ‘জলের উজ্জ্বল শস্য’। বাংলা সাহিত্যেও ইলিশের ছড়াছড়ি। এক কেজি ইলিশে প্রায় ৯০০ কাঁটা থাকায়, অপঘাতে মৃত্যু এড়াতে ইংরেজরা বাংলা জয় করলেও প্রথমে ইলিশের দিকে হাত বাড়াতে সাহস করেনি। ষড়যন্ত্র করে পলাশী যুদ্ধ জয় করা আর ছুরি - কাঁটা দিয়ে ইলিশকে জব্দ করা যে এক নয়, তা সাহেবরা মনেপ্রাণে মেনে চলেছেন কাঁটা ছাড়া ভাপা ইলিশ রান্নার প্রচলন শুরু না হওয়া পর্যন্ত।

মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মানদীর মাঝি উপন্যাসে ইলিশ ধরার বিবরণ আজও বিখ্যাত।

অতুলনীয় স্বাদের ইলিশ পাতে না উঠলে বাঙালিয়ানা সম্পূর্ণ হয় না। বহু দূরের নোনা জলের গভীর থেকে বহু যোজন পথ পাড়ি দিয়ে বঙ্গদেশের মিষ্টি পানিতে তৃপ্তি খুঁজে পেয়েছে জলরাজ্যের রাজকন্যা ইলিশ। বাঙালির জাতীয় মাছ ইলিশ। বাঙালিই সম্ভবত একমাত্র জাতি, যে এই মাছটিকে নানাভাবে খেয়ে হাত চেটেছে। ঝোল, ভাজা, শাকসবজি, ডালে এমন কি করলায় ইলিশের স্বাদ ফোটাতে বাঙালি শৈল্পিক দক্ষতার ব্যবহার অসাধারণ।

ঝিরি ঝিরি বৃষ্টিতে মা ইলিশ ডিম ছাড়ার উৎসবে মাতে বলে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার নাম দিয়েছেন ‘ইলশে গুঁড়ি’।

অশোকের পঞ্চম স্তম্ভলিপিতে বছরে ৫১ - ৭২ দিন ডিমওয়ালা স্ত্রী মাছ, ছোট মাছ ধরা নিষিদ্ধ ছিলো। পৃথিবীর বহু দেশেই ইলিশ পাওয়া যায় বিভিন্ন নামে। আমেরিকার ইলিশের নাম ‘শ্যাড’।ইলিশ সমুদ্রের মাছ। এক সময় নদীতে নদীতে ঝাঁক বেঁধে ঢোকে ডিম পাড়ার জন্য। স্যামন মাছেরও এই স্বভাব। তবু বাঙালিদের ধারণা, বাংলার নদীর ইলিশ রূপে, গুণে, স্বাদে, গন্ধে শ্রেষ্ঠ। বৃষ্টির সকালে এক জোড়া ইলিশ নিয়ে বাজার থেকে বাড়ি ফেরার সময় সেই বাঙালির সম্মানই আলাদা।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199