আবারও ভারতে নিষিদ্ধ হুসেনের ছবি

প্রাণের বাংলা ডেস্ক

এডমিন ডেস্ক, ঢাকা থেকে

প্রকাশ: 23 Jan 2025

5190 বার পড়া হয়েছে

Shoes

ভারতের রাজধানী দিল্লীর একটি আদালত প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের দুটি ছবি ‘আপত্তিকর’ এই অভিযোগে প্রদর্শন অযোগ্য বলে আদেশ জারি করেছে।
দিল্লী আর্ট গ্যালারীর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে হুসেনের দু‘টি চিত্রকর্মের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করেন এক দর্শনার্থী। তার অভিযোগ, হুসেনের দু‘টি ছবি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। গত বছর ২৬ অক্টোবর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আর্ট গ্যালারীতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

হুসেনের চিত্রকর্ম নিয়ে অভিযোগ তোলেন ভারতীয় এক নারী অমিতা শচদেভ। তিনি পেশায় উকিল। তার অভিযোগের ওপর ভিত্তি করে ওই দু‘টি চিত্রকর্ম প্রদর্শনী থেকে সরিয়ে দেয়ার জন্য দিল্লী পুলিশকে আদেশ দেয়।
হুসেনের ১০০ ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্যোক্তা দিল্লী আর্ট গ্যালারীর কর্তারা অবশ্য বলেছেন, প্রায় ৫,০০০ দর্শক তাদের প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন। হুসেনের কোনো চিত্রকর্ম সম্পর্কে তাদের কোনো নেতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একমাত্র অমিতা শচদেভই আপত্তি তুলেছেন। তিনি আরও বেশি সংখ্যক মানুষের সামনে বিষয়টা তুলে ধরতে চিত্রকর্মগুলির ছবি তার নিজস্ব সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশ করেছেন।

ভারতের বুদ্ধিজীবী মহলের কেউ কেউ মনে করছেন, সম্প্রতি ভারতবর্ষ জুড়ে যে অনুদার ও সাম্প্রদায়িক চেতনার জোয়ার উঠেছে তা উদার নৈতিক শিল্পচর্চাকে আঘাত করতে চাইছে। গত বছরের অক্টোবর মাসে একই ভাবে মুম্বাইয়ের একটি আদালত চিত্রশিল্পী এফএন সুজা ও আকবর পদমসীর চিত্রকর্ম অশ্লিলতার অভিযোগে বাজেয়াপ্ত করার জন্য কাস্টমস বিভাগকে নির্দেশ দেয়।

ফিদা হুসেন ২০১১ সালে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভারতের ‘পিকাসো’ হিসাবে খ্যাত এই চিত্রশিল্পীর কাজ নিয়ে এর আগেও অভিযোগ ওঠে। ২০০৬ সালে তাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনাও করতে হয়। এর পর তিনি ভারত ছেড়ে লন্ডনে গিয়ে নির্বাসিত জীবন বেছে নেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্রঃ বিবিসি
ছবিঃ গুগল

 

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199