শীতকাল কবে আসবে সুপর্ণা?

ইরাজ আহমেদ

সাহিত্য সম্পাদক, ঢাকা থেকে

প্রকাশ: 1 Oct 2024

4145 বার পড়া হয়েছে

Shoes

ছাই রঙের কুকুরটা অনেকদিন তোমাদের তালাবন্ধ বাড়ির দরজায় অপেক্ষা করে চলে গিয়েছিলো। তীব্র গরমে দমবন্ধ গাছগুলো দেখেছিলো তারচলে যাওয়া। কী করবে ও? তোমরাও তো আর এ পাড়ায় থাকো না। আমিও আর কোথাও নেই। তবু ছাই রঙের বিষাদমাখা গল্প লেখার চেষ্টা করছি।

কিছুক্ষণ খুব বৃষ্টি হয়ে আবার বসের তাড়ায় সন্ত্রস্ত কেরানির মতো রোদ উঠে যায় তড়বড় করে। আমি তো কলকাতার প্রয়াত কবি ভাস্কর চক্রবর্তীর কবিতায়  সুপর্ণা নই যে অক্টোবর মাসের পহেলা তারিখে নির্ভুল বলে দিতে পারবো শীতকাল কবে আসবে?শীতকাল আসার আগে আমার মনে মনে অনেক পরিকল্পনা থাকে প্রতি বছর। শহর থেকে দূরে কোথাও চলে যাবো একটু বেশি সকালে। দেখবো গ্রামের গৃহস্থের ঘুম ভেঙে ওঠা, ছোট্ট একটা পুকুরের ওপর সব আকূলতা নিয়ে উপুড় হয়ে থাকা গাঢ় কুয়াশা। রোদ উঠে গেলে শুনবো স্বাস্থ্যবান মোরগের ডাক, কেউ আমাকে বলবে, ‘যা শীত কাকা, চা গরম রাখন যায় না; নেন ধরেন চা খান।

মানুষ কী চায় আসলে তুমি জানো সুপর্ণা? অনেক বছর ধরে চেষ্টা করেও সে চেষ্টা করেও দেখতে পায় না তার পিঠ দেখতে কেমন অথচ শীতকাল আসলেই তার ঘর ছাড়া হতে ইচ্ছা করে। রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখেই গেছেন, ‘‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ’’। কিন্তু সেসব দেখার সৌভাগ্য আমার নেই। আমি শুধু রাজনৈতিক তাপে ভেঁপে ওঠা এই শহর থেকে পালাতে চাই এই শীতে। কিন্তু শীতকাল কবে আসবে সুপর্ণা?

শীতের রঙ কি ছাই? শরীরে সুঁই বসানো কনকনে হাওয়া, মাঠাওয়ালার হাঁকডাক, পাড়ার মাঠে তরুণ ক্রিকেটারদের কোলাহল, অসময়ে লেপ গায়ে ঘুমিয়ে থাকা আমাদের প্রধান অসুখ? কতকিছুর উত্তর-ই তো আমার জানা নেই। তবু শীতকাল আসার আগে মন এলোমেলো ছবি আঁকতে থাকে। মনে হয়, কত মানুষের সঙ্গে দেখা হয়ে যাবে এবার কোনো পিকনিকে যেয়ে। কোনো পুরনো বাড়ির দেয়ালে অনেক বছর আগে দেখা হওয়া মাকড়সাটা আমাকে বলবে—এতদিন পরে এলে! আমি তো কয়েক সহস্র বছর ধরে জাল বুনে চলেছি তোমার জন্য।

অক্টোবর রেইন কতকিছু মনে পড়িয়ে দেয় সুপর্ণা! অন্য কবির কবিতা থেকে ধার করা চরিত্র তুমি। কিন্তু শীতকালের কথা ভাবলেই তোমার কথা মনে পড়ে যায়। এই যে এখন আকাশ কালো করে বৃষ্টি নামতে দেখে ভাবি, শীত আসবে মাস পেরুলেই। কী কী ঘটবে সেই শীতকালে? রোদের রঙ পাল্টে যাবে, সাদা তুলোর মতো ছোট ছোট পোকা তাদের সংক্ষিপ্ত জীবন নিয়ে ভেসে যাবে আমার বারান্দার সামনে দিয়ে। আমার মনের মধ্যে অনেক স্মৃতি, অনেক আশার আলো খেলে যাবে আবারও অজানা আলোর মতো। মাঠে মাঠে মাঠে শীত নামবে। আলু পোড়ানোর ঘ্রাণে বাতাস ভারী হয়ে থাকবে। তোমাদের বাড়ির সামনে অপেক্ষায় বসে থাকা ছাই রঙের কুকুরটা আর ফিরে আসবে না। তবু শীত আসবে। পাতা ঝরে যাবে, নৈঃশব্দ আসবে বাতাসে ভর করে, পুকুরের জেল নড়বে না আর হাওয়ার অভাবে। আমি ঠিক বসে থাকবো অপেক্ষা মেলে।

শীতকাল কবে আসবে সুপর্ণা?

ছবিঃ গুগল

মন্তব্য করুন

Share Article

আরো পড়ুন

আরো পড়ুন

স্বত্ব © ২০১৬ - ২০২৩ প্রাণের বাংলা।

সম্পাদক ও প্রকাশক: আবিদা নাসরীন কলি।

Email: Article: [email protected], Avertising: [email protected]

Phone: +8801818189677, +8801717256199